মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘‘বিরোধী দল সেই আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লং মার্চ করছে। লং মার্চ করে বলে, ‘এই মুহূর্তে সরকারের পতন ঘটাবো। আমরা খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেব।’ কিসের এক দফা, কিসের সরকারের পতন? আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলে।’’
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘বিএনপির একটা এমপি একটা মন্ত্রীর বিরুদ্ধে তো এই সাত মাসে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেনি। আগামী দিনেও পারবে না। তাহলে কেন এই উশৃঙ্খল আন্দোলন? আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে– গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি।’’
তিনি বলেন, ‘‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন। সকল আন্দোলন, সকল আলোচনা, সকল সমস্যা, সকল ভুলত্রুটির কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই তো সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।’’
আহমেদ আযম খান বলেন, ‘‘সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—আমি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। দিনরাত কাজ করেছেন, আর তার সহকর্মী হিসেবে আমরাও দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন– বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চাই। আমরা বিশ্বদরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।’’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘‘আওয়ামী লীগ—আমরা দেখেছি, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী যখন সরকার গঠন করলো আওয়ামী লীগ নেত্রী বলেছিল– ‘এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না।’ বলেছিল না? বলেছিল। আর এই সুর এখনকার বিরোধী দল শুধু এতটুকুই বলছে না—এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দেব না। কিন্তু তাদের কর্মকাণ্ড ওইরকম, অর্থাৎ ওই সুর, ওই অস্থিতিশীল করার পাঁয়তারা। যে আসনগুলো পেয়েছেন, ধরে রাখার চেষ্টা করেন, নইলে এই ধরনের উসকানমূলক কথা বললে, এভাবে অযথা লং মার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনী বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও মানুষ দিবে না।’’
বিরোধীদলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘আপনাদের বলব, আপনারা গঠনমূলক রাজনীতি করুন। স্বাধীনতার ৫৫ বছর পর ‘মানি না, মানব না’ ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিন। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করুন।’’
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর-নবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখসহ অন্যান্যা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









