কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি ১১ সিপিসি ২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকেলে কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দৌলতপুর এলাকার হুমায়ুন এর ছেলে মনজুরুল ইসলাম (৩০) এবং গোবিন্দপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ছামির ইসলাম (২০)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
এসআরবি হেডকোয়ার্টার্স এর নিদের্শনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে রোববার এসআরবি-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মনজুরুল ইসলাম পূর্বে দুই মামলার আসামি।
বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









