শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এই কমিটি গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।
ভিডিও বার্তায় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘‘গতকাল বেলা ১১টার দিকে কিছু দুষ্কৃতকারী আমাদের কয়েকজন আইনজীবীর ওপর হামলা করেছেন। গতকালের ঘটনায় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমরা ঘটনার পরের দিনই আজ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা তিন দিনের মধ্যে আমাদের প্রতিবেদন দেবেন। আমরা সেই প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেব।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের কোনো আইনজীবী যদি আমাদের গঠনতন্ত্র অথবা রাষ্ট্রের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো আইনজীবী আইনের বাইরে অথবা রাষ্ট্রের বাইরে চলতে পারেন না।’’
ভিডিও বার্তার শেষ দিকে আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘‘আইনজীবীদের সুরক্ষার জন্য সুরক্ষা আইন চালু করা প্রয়োজন।’’
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধর এবং একটি চেম্বার ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপির একটি পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার আইনজীবীরা হলেন সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবীর কর্মসূচির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা আদালত চত্বরে মিছিল করেন। ওই মিছিল থেকে আইনজীবী সানোয়ার মল্লিককে আদালত ভবনের সিঁড়িতে মারধর করা হয়। পরে আইনজীবী শাহীন খান ও তানিয়া সুলতানার চেম্বারে গিয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









