বগুড়ার সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরে তাদের জন্য ২ লাখ টাকা ও ১২ বান্ডিল ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন তিনি।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন পরিবারকে শুকনো খাবার ও ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুদি দোকানি মিঠু প্রামাণিকের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দুটি বাড়িতে ছড়িয়ে পড়লে তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









