হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ হিসেবে ২৪ ভূমিমালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) তাদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।
উপজেলার মিরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুপুরে ভূমিমালিকদের হাতে চেক তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমেদ, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ ও উভয় পাশে সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের জন্য বাহুবলের বিভিন্ন এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে ক্ষতিপূরণ প্রদানে বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ফোরলেন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমিমালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। অধিগ্রহণকৃত ভূমির মালিকদের আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণ পর্যায়ক্রমে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করা হলে তাদের দুর্ভোগ কমবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









