আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
রবিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৫ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা যাবে না। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। কেউ গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিষয়েও পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার পাশাপাশি আজান ও নামাজের সময় সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









