শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি রাতে নিশ্চিত করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান।
কলেজের ব্যবস্থাপনা পরিচালক এদিনকে জানান, অধ্যক্ষের পদত্যাগের পর কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ বলেন, সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি থাকায় পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন করা হয়েছিল। তবে আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি অধ্যক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।
একই ধরনের অভিযোগ করেন শিক্ষার্থী মামুন ও রায়হান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের আচরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। এর পরিপ্রেক্ষিতেই তারা এক দফা দাবিতে আন্দোলনে নামেন।
অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









