ছিনতাইকারী ধরতে গিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল আল আমিন সরদারের (২৮)। কর্তব্যরত অবস্থায় গুরুতর আহত হয়ে এক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ইস্পাহানি চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন আল আমিন। এ সময় এক ছিনতাইকারীকে ধরতে এগিয়ে গেলে একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া আল আমিন সিএমপির পুলিশ লাইনস এসএএফ শাখায় কর্মরত ছিলেন। মাত্র চার বছরের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মীদের কাছে দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন তিনি।
মাদারীপুরের বাসিন্দা আল আমিন ছিলেন বিবাহিত ও এক সন্তানের জনক। পরিবারের জন্য জীবনের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি দায়িত্বের জায়গায়ও ছিলেন অটল। কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে তার এই মৃত্যু সহকর্মীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
সিএমপি কমিশনার মো. হাসান মো. শওকত আলী আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









