‘ন্যায়বিচার নিশ্চিত হোক, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান হোক’—এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘সেভ বাংলাদেশ’।
সোমবার (৫ অক্টোবর) পিরোজপুর সিজিএম আদালতের কনফারেন্স রুমে আলোচনা সভা ও আইনি-আর্থিক সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কাউখালীর দুই অসহায় ব্যক্তি মোহাম্মদ আবু বক্কর মল্লিক ও জাকির হোসেন হাওলাদারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সদর সিনিয়র সিভিল জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার মো. রুবেল শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান শাহীন।
বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সহায়তার পাশাপাশি আদালতে যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় মেটাতেও সহায়তা প্রয়োজন। সরকারি লিগ্যাল এইডের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের বিচার পাওয়ার সুযোগ বাড়বে।
সেভ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন অনুযায়ী আইনি ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









