বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে নিয়ম মেনে লিজ নেওয়া বাণিজ্যিক ও কৃষিজমির অর্থ পরিশোধ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ করেছেন সৈয়দপুরের ব্যবসায়ী মো. ওয়াসিম সিদ্দিক। একই সঙ্গে রেলওয়ের জমি দখলের সাম্প্রতিক ঘটনার সঙ্গে তার জমির বিষয়টি জড়িয়ে তাকে ‘দখলবাজ’ হিসেবে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সৈয়দপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ওয়াসিম সিদ্দিক। এ সময় তার জামাতা আরাফাত রানাও উপস্থিত ছিলেন।
ওয়াসিম সিদ্দিক বলেন, বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়ের নিয়ম মেনে সৈয়দপুর মৌজায় জমি ব্যবহারের অনুমতি নিয়েছেন তিনি। এ জন্য প্রয়োজনীয় অর্থও পরিশোধ করেছেন। এ-সংক্রান্ত সরকারি কাগজপত্র ও অর্থ পরিশোধের রসিদ তার কাছে রয়েছে এবং সংবাদ সম্মেলনে তিনি তা সাংবাদিকদের দেখান।
রেলওয়ের নথি অনুযায়ী, জেএল নম্বর ৩৭, সিএস/এসএ/আরএস দাগ নম্বর ১৩৯-এর অংশে ৩০ ফুট বাই ২০ ফুট বা ৬০০ বর্গফুট বাণিজ্যিক জমি এবং একই দাগে ০.১৫ শতক কৃষিজমির উল্লেখ রয়েছে। এসব জমির বিপরীতে খাজনা, ভ্যাটসহ প্রয়োজনীয় অর্থ পরিশোধের রসিদ রয়েছে বলে দাবি করেন তিনি।
ওয়াসিমের অভিযোগ, অর্থ পরিশোধ ও কাগজপত্র থাকার পরও তাকে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। জমি বুঝে নেওয়ার চেষ্টা করলে তাকে দখলবাজ হিসেবে প্রচার করা হচ্ছে। সম্প্রতি সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় অফিসার্স কলোনি এলাকায় রেলওয়ের ১১০ নম্বর বাংলো ও সংলগ্ন জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের সঙ্গে তার জমির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
আরাফাত রানা বলেন, সাম্প্রতিক ঘটনায় প্রায় ১ একর ১০ শতক জমি ও ১১০ নম্বর বাংলোর কথা বলা হয়েছে। কিন্তু তাদের দাবি করা জমির পরিমাণ মাত্র ৬০০ বর্গফুট। রেলওয়ের কাগজপত্র অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ করা হলেও তাদের ‘দখলবাজ’ হিসেবে প্রচার করা হচ্ছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রকৃত অবস্থা পরিষ্কার করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তারা রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কাগজপত্র ও পরিশোধিত অর্থ যাচাই, জমির সীমানা নির্ধারণ করে তা বুঝিয়ে দেওয়া এবং কোনো অনিয়ম বা বাধা থাকলে তদন্তের দাবি জানান।
তাদের দাবি, সরকারি সম্পত্তি দখল করা তাদের উদ্দেশ্য নয়। রেলওয়ের নথিপত্রে থাকা তাদের দাবির বিষয়টি যাচাই করে আইনানুগ ও শান্তিপূর্ণ সমাধান চান তারা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









