নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহী রেলওয়ে থানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’’
তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করতে পারেনি পুলিশ।
ক্রিল ল্যান্ডার জানান, বুধবার নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় নিজের ব্যাগ ও মালামাল এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরে টাকা তুলে ফিরে এসে তিনি দেখেন, ওই ব্যক্তি ও ব্যাগ দুটিই নেই। ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা ছিল।
ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।
ক্রিল ল্যান্ডার বলেন, ‘‘সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।’’
তিনি জানান, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। তবে তার পাসপোর্ট ও মুঠোফোন তার কাছেই আছে। বাংলাদেশে এটিই প্রথম সফর। পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে বুধবার রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে পৌঁছালে অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘‘ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।’’
তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস সেখানে থাকার কথা ছিল। পরে ট্রেন দুটিতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার হয়নি।’’
ওসি হাফিজুর রহমান বলেন, ‘‘এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’’
পুলিশ জানিয়েছে, আরএমপি, ডিবি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে ঘটনাটি তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে। ছবিটি বিভিন্ন মাধ্যমে প্রচার করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামকক্ষ থেকে ক্রিল ল্যান্ডারের ব্যাগটি চুরি হয়। বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনার উদ্দেশে যাওয়ার পথে ভুল করে নাটোরে নেমেছিলেন তিনি। পরে এক যুবকের সঙ্গে পরিচয় হলে তার কাছে ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। ফিরে এসে ব্যাগ ও ওই যুবককে আর পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বুধবার রাতে পুলিশ ক্রিল ল্যান্ডারের থাকার ব্যবস্থা করে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে। তাকে খাবারও সরবরাহ করছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









