বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন এবং লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। এর অংশ হিসেবে- বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষিক বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।
লিথুয়ানিয়ার এমন আগ্রহকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক। তবে এ জন্য দেশটির ভিসা প্রক্রিয়া সহজীকরনের পরামর্শ দিয়েছেন তিনি।
ফজলুল হক জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিন্ন দেশে যেয়ে ভিসা প্রত্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য। এ সময়, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন এফবিসিসিআই‘র প্রশাসক। তিনি লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার জানান, তাদের মূল লক্ষ্য ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ। তিনি বাংলাদেশকে এই অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে ভাইস মিনিস্টার জানান, ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু কিংবা শেনজেন ভুক্ত অন্য কোন দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা জটিলতা সহজীকরণের উপায় খোঁজা হচ্ছে। আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়া অ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস, লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্দো-প্যাসিফিক রেজিওনের অ্যাটাচে মিস. ক্রিসটিনা প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









