ঢাকার আশুলিয়ার পানধোয়া বাজার ব্যবসায়ী ও সঞ্চয় সমিতির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে আনিসুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম জহির নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পানধোয়া বাজারে সমিতির কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সভাপতি পদে আনিসুর রহমান আনিস ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শামসুল আলম পেয়েছেন ৩৭ ভোট। সহসভাপতি পদে মো. জমিম উদ্দিন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম জহির। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহিদ উল্লাহ ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. কামাল খান পেয়েছেন ৮১ ভোট।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ইয়াকুব খন্দকার পেয়েছেন ৭১ ভোট। কোষাধ্যক্ষ পদে রবিউল আউয়াল বাবু ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ৬৯ ভোট।
নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সদস্যসচিব মোহাম্মদ কাজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজার এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতারা পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়ে বাজারের সব ব্যবসায়ীর কল্যাণ এবং সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তাঁরা সমিতির কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









