যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর বোর্ডের ১৬টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র তিনটি কলেজ। বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি, দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৭১৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ২২৮ জনের মধ্যে ছাত্রী ১ হাজার ৮৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৫৮ জন। ছাত্রীদের জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৪৮ শতাংশ।
পাসের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৫৭ হাজার ৯৮০ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ১৬৬ জন। তাদের পাসের হার ৫০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে ৫৪ হাজার ৮১১ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২১ হাজার ৫০২ জন। তাদের পাসের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ১১ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ২১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। মানবিক বিভাগে ৭৯ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ১৯১ জন। পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ১১৫ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৩১০ জন। এ বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকটের কথা জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন। তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে ইংরেজি ক্লাস নেওয়া হয়। এ কারণে এ বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে।
ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









