সরকার যদি জনগণের রায়কে অগ্রাহ্য করে, তবে তারা শুধু অপমানিতই হবে না—এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-কুষ্টিয়া লংমার্চ চলাকালে সকাল ১০টার দিকে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের মূল দাবি হচ্ছে গণভোটে যে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এই প্রধান দাবিটি বাস্তবায়িত হলে বাকি ৬ দফা দাবিও স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
সরকারকে গণদাবির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সরকার যদি জনগণের রায়ের প্রতি সম্মান দেখায়, তবে সরকার সম্মানিত হবে। আমরা মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি—জনগণের এই দাবি আমরা আদায় করবই এবং দাবি আদায় করেই রাজপথ থেকে ঘরে ফিরব।”
সংক্ষিপ্ত বক্তব্য শেষে সকাল সোয়া ১০টার দিকে পদ্মাসেতুর টোল পরিশোধ করে লংমার্চের বহরটি মুন্সীগঞ্জ সীমানা পেরিয়ে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









