গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি ঘটনায় কলেজছাত্র ও চার সন্তানের বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় অনিক বিশ্বাস (১৮) এবং শনিবার (৩১ অক্টোবর) সকালে দেলোয়ার হোসেন (৫০) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অনিক বিশ্বাস কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের রতন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অনিকের চাচা নারায়ণ বিশ্বাস জানান, পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিহত দেলোয়ার হোসেন নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। তাঁর স্ত্রী স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত।
দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্বামীকে বাসায় দেখতে পান তিনি। পরে কোনো একসময় স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। শনিবার সকালে তাঁকে বাসায় না পেয়ে কর্মস্থলে যান মোর্শেদা। পরে মুঠোফোনে জানতে পারেন, শিশু মিতালী পার্কসংলগ্ন পুকুরপাড়ে একটি গাছ থেকে তাঁর স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









