এমপিওভুক্ত শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের আন্দোলন স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, পটুয়াখালী জেলা’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা জানান, আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে কারণ দর্শানোর নোটিশসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষক নেতা আজিজীর ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধের জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনকে কোনো প্রকার ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষক নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









