যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তার বন্ধু আল-আমিন (২৮) আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আপন তার বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আপন ও আল-আমিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ নভেম্বর) ভোরে আপনের মৃত্যু হয়। আহত আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









