গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০ নম্বর শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে শিক্ষকদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, ৫০ নম্বর শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি রুমে প্রবেশের দরজার তালা কেটে রুমের ভিতরে থাকা দুইটি স্টিলের আলমারি একটি ওয়্যারড্রব শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারে থাকা কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী বসু বলেন, আজ সকালে আমাদের পরিছন্নতাকর্মী রিতা দাস মাঠ ঝাড়ু দিতে এসে দেখতে পান যে লাইব্রেরি রুমে প্রবেশের দরজার তালা কাটা এবং দরজা খোলা রয়েছে। এ অবস্থা দেখে সে বিষয়টি আমাদের সহকারি শিক্ষক অমল হাজরা এবং আমাকে জানায়।
খবর পেয়ে আমি দ্রুত বিদ্যালয়ে এসে দেখি লাইব্রেরিতে প্রবেশের দরজার তালা কাটা এবং রুমের ভিতরে থাকা দুইটি স্টিলের আলমারি একটি ওয়্যারড্রব ও শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারে থাকা কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কিছু নগদ টাকা, বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষাসামগ্রী চুরি হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী চুরির ঘটনা সম্পর্কে কোটালীপাড়া থানার পুলিশকে লিখিতভাবে অবহিতকরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









