বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ গত ২৬ ফেব্রুয়ারি সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর ফলে তাকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সাবেক মেয়র আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে আইভীর নাম না থাকলেও ঘটনার ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি এবং জামিন পাওয়ার পরদিনই তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক।

গত বছরের ৯ মে ভোর সাড়ে ৬টায় অনেক নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এরপর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কারাগারে বন্দি আছেন আইভী। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জাকির/নারায়ণগঞ্জ/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.