রাজধানীসহ সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯২ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৯ শিশু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









