গাজীপুরের টঙ্গীতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির বসতবাড়ির কমপক্ষে ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাছিমপুর এলাকায় নিশাত মহল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে হঠাৎ করে বস্তির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে এলাকাটিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০ থেকে ৪০ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এলাকাটিতে গাড়ি প্রবেশের কোন রাস্তা না থাকায় ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









