গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এরশাদ নগরের ৩ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সোহাগ মিয়া (২২), অহিদুল ইসলাম অপু (২৪), লাকি আক্তার (৫০), রবিউল ইসলাম ওরফে রবু (২৫), মো. শাকিল (২৮) ও সাগর (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ ফেরত এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। এর জেরে বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনায় উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ৪ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সোহাগ, অহিদুল, রবিউল ও শাকিল গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে শাকিলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









