ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসফ)। রোববার (১৯ মার্চ) দুপুরে সীমান্তের যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মাদক নিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় হোসেন রাব্বী, গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং পারগোপালপুর গ্রামের আবু বকরের ছেলে সোহাগ।
বিজিবি সূত্র জানায়, টহলরত বিএসএফ সদস্যরা কাঁটাতারের বাংলাদেশ অংশের সীমান্ত পিলার ৪৯/২-এস থেকে ১০০ মিটার ভারতের ভেতর থেকে ওই তিনজনকে আটক করে নিয়ে যায়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, বিএসএফ আমাদের জানিয়েছে আটক ব্যক্তিদের কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে। তাদের বিষয়ে উভয় দেশে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ৫৯ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শৈলেশ কুমার মুঠোফোনে আটকের সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, তিনজনকে বিএসএফ আটক করেছে। পুলিশের কাছেও এই খবর এসেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









