মাগুরার আকাশে আবারও উঠেছে রঙিন আলো, মাটিতে বসেছে উৎসবের আসর। দীর্ঘ বিরতির পর প্রাণ ফিরে পেয়েছে শহরের অন্যতম আকর্ষণ—মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে জমকালো আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
আয়োজনে ছিল উৎসবের আমেজ, আর উদ্বোধনী মঞ্চে ছিল জেলার প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি। মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ অনেকে।
মেলার প্রবেশমুখেই চোখে পড়ে আলোকসজ্জা, ভেতরে ঢুকতেই সারি সারি স্টল—কোথাও কুটির শিল্প, কোথাও হস্তশিল্প, আবার কোথাও আধুনিক পণ্যের বাহার। শিশুদের জন্য নাগরদোলা, পরিবারের জন্য খাবারের পসরা, আর তরুণদের জন্য বিনোদনের নানা আয়োজন—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ মেলার আবহ
চেম্বার সভাপতি আখতার হোসেন বলেন, “মাগুরায় বিনোদনের বড় কোনো সুযোগ নেই। তাই এই মেলা শুধু কেনাবেচা নয়, মানুষের জন্য আনন্দের একটি প্ল্যাটফর্ম। কয়েক বছর বন্ধ থাকার পর এবার আমরা নতুনভাবে শুরু করেছি।”
তিনি আরও জানান, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের স্টল বসেছে, যেখানে ক্রেতারা সুলভ মূল্যে পণ্য কিনতে পারবেন। একই সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনের ছোঁয়াও রাখা হয়েছে।
মাসজুড়ে চলা এ আয়োজন শুধু বেচাকেনা নয়—এ যেন মাগুরার মানুষের জন্য এক টুকরো উৎসব, যেখানে ব্যবসা আর বিনোদন হাত ধরাধরি করে হাঁটছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









