বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাফ নদে ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

নাফ নদে ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃত জেলেরা হলেন, সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে ফেরার পথে হঠাৎ  আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, “জেলেরা নিয়মিত নদীতে মাছ ধরতে যান। আজও তারা ভোরে গিয়েছিলেন। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।”

আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, “আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুবই অসহায়। তার আয়েই আমাদের সংসার চলে। তাকে না পেলে সংসার চলবে না।”

নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, “আমার নৌকায় তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, “জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।”

হে/শা/টে/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.