ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয়-এর সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই সাক্ষাৎকে বিশেষ ও আবেগঘন হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বুধবার (১৭ জুন) চেন্নাইয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন সামান্থা। এ সময় তারা কুশল বিনিময়ের পাশাপাশি চলচ্চিত্র ও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সামান্থা জানান, বিজয় শুধু পর্দার নায়ক নন—বরং তার ব্যক্তিত্ব, উপস্থিতি ও মানুষের সঙ্গে সংযোগ তাকে আরও বড় দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।
বিজয়ের নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি লেখেন, সাফল্যের শীর্ষে থাকা একটি ক্ষেত্র ছেড়ে আরও বড় চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত সাহসিকতার পরিচয় দেয়। পরিবর্তনের বিশ্বাস থেকেই এমন পদক্ষেপ আসে বলেও মন্তব্য করেন তিনি।
সামান্থা মনে করেন, সমাজের জন্য কাজ করার তাগিদ অনেকেই অনুভব করলেও খুব কম মানুষই তা বাস্তবে রূপ দিতে পারেন—বিজয় সেই ব্যতিক্রমদের একজন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, সামান্থা ও বিজয় একসঙ্গে অভিনয় করেছেন ‘কাত্থি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬) ও ‘মেরসাল’ (২০১৭) ছবিতে। তিনটি ছবিই দর্শকপ্রিয়তা পায় এবং তাদের জুটির রসায়ন প্রশংসিত হয়।
এদিকে সামান্থা বর্তমানে তার নতুন চলচ্চিত্র ‘মা ইন্তি বেঙ্গারাম’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









