বিশ্বের মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে (অরিজোন্তি) প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা এই মনোনয়নের ঘোষণা দেন।
আগামী ২-১২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে বসবে উৎসবের ৮৩তম আসর। মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকার একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত। বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, স্মৃতি, বিশ্বাস ও ভয়কে ঘিরে এক রহস্যময় গল্প সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।
এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী প্রমুখ।
পরিচালক রুবাইয়াত হোসেন জানান, সিনেমাটি ভেনিসে সাবমিট করার কদিন পরই জানতে পারি, এটি ভেনিসের আয়োজকেরা পছন্দ করেছেন। এটা ছিল আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অসাধারণ একটি খবর। কিন্তু কোন শাখায় সিনেমাটির প্রিমিয়ার হবে, সেটা নিয়ে কিছুই বলেনি। এটা নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে জানতে পারি, সিনেমাটি উৎসবে অফিশিয়াল শাখা হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে।
তিনি জানান, বাংলাদেশের হয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য বড় সম্মানের এবং এটি তার স্বপ্নপূরণের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তিনি আশা প্রকাশ করেন, দেশের চলচ্চিত্র ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে।
পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক তহবিলের সহায়তা পেয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস উৎসবে নির্বাচিত হলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা জায়গা করে নিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









