দক্ষিণ এশিয়ার স্বাধীনধারার চলচ্চিত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করে চলেছেন নির্মাতা অনুপর্ণা রায়। গত বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিজোন্টি’ বিভাগে প্রথম ছবি Songs Of Forgotten Trees-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জয়ের পর এবার তিনি ফিরছেন আরো বড় সাফল্য নিয়ে। তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র Lovers In The Blue Night এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজোন্টি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। টানা দুই বছর একই উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া অনুপর্ণার জন্য যেমন বড় অর্জন, তেমনি স্বাধীন চলচ্চিত্রের জন্যও এটি আশার সংবাদ।
মুম্বাই শহরের অস্থির রাতকে পটভূমি করে নির্মিত Lovers In The Blue Night চারজন অভিবাসী মানুষের জীবন নিয়ে এগিয়েছে। তারা হলো—একজন হোমোফাইল স্বামী, তার একাকী স্ত্রী যিনি একটি বারে কাজ করেন, একজন ছোটখাটো চোর এবং একজন দালাল। জীবনের নানা টানাপোড়েন, বেঁচে থাকার সংগ্রাম, অপ্রত্যাশিত প্রেম ও নিষিদ্ধ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তাদের পথ একসময় একে অপরের সঙ্গে মিলে যায়। হিন্দি, সিলেটি বাংলা ও মারাঠি ভাষায় নির্মিত এই ছবিতে অভিবাসন, পরিচয়, ভালোবাসা এবং নিজের জায়গা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষার গল্প তুলে ধরা হয়েছে।
ছবিটি ভেনিসে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুপর্ণা রায়। তিনি বলেন, এই সিনেমার গল্প তার নিজের অভিবাসী জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। শহরের ব্যস্ত জীবনে কীভাবে শ্রমজীবী মানুষের স্বপ্ন ও অনুভূতি ধীরে ধীরে হারিয়ে যায়, সেই বাস্তবতা তিনি কাছ থেকে দেখেছেন। তার ভাষায়, এটি এমন কিছু মানুষের গল্প, যারা এমন এক সমাজে ভালোবাসতে ও নিজের ইচ্ছার কথা বলতে সাহস করে, যেখানে অনুভূতিরও শাস্তি আছে। সিনেমার চরিত্রগুলোর মধ্যে রয়েছেন দায়িত্বের বাঁধনে আটকে থাকা এক সমকামী পুরুষ, ভালোবাসা ও স্বীকৃতির খোঁজে থাকা এক নারী এবং গ্রহণযোগ্যতার আকাঙ্ক্ষায় বেঁচে থাকা এক চোর।
অনুপর্ণা জানান, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক বাস্তবতা সবসময়ই তার গল্প বলার মূল অনুপ্রেরণা। এই ছবির ভাবনা এসেছে তার শৈশবের একটি স্মৃতি থেকে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ছোটবেলায় আমিনা নামে এক বন্ধকী শ্রমিক নারীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। আমিনার সঙ্গে তার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন শিশুসুলভ কৌতূহল থেকে তিনি জানতে চেয়েছিলেন, কেন আমিনা ও তার স্বামী করিম একসঙ্গে ঘুমান না। উত্তরে আমিনা শুধু বলেছিলেন, “সে আমার সঙ্গে ঘুমায় না।” তখন কথাটির অর্থ তিনি বুঝতে পারেননি, কিন্তু সেই স্মৃতি দীর্ঘদিন তার মনে রয়ে যায়।
Lovers In The Blue Night ছবিতে অনুপর্ণা সেই আমিনার জন্য এক কল্পিত নতুন জীবন নির্মাণ করেছেন। মুম্বাইয়ে এসে এই নারী নিজের স্বাধীনতা, ইচ্ছা ও ভালোবাসার অধিকার নিজের মতো করে বেছে নিয়েছে। যদিও সেই স্বাধীনতার পথও তাকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, তবু সেটি তার নিজের সিদ্ধান্তে গড়ে ওঠা জীবন।
ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীলিমা শর্মা, প্রীতম পিলানিয়া, ভূষণ শিম্পি, যতীন সারিন, কাজল কেশব এবং বিনোদ সূর্যবংশী।
ছবিটির অন্যতম প্রযোজক এবং খান অ্যান্ড কুমার মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা বিকাশ কুমার জানান, ভেনিসের ওরিজোন্টি প্রতিযোগিতা বিভাগে ছবিটির নির্বাচিত হওয়া পুরো দলের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তার মতে, শক্তিশালী গল্পের কোনো ভৌগোলিক সীমা নেই। তিনি আরো বলেন, অনুপর্ণা রায় তার প্রজন্মে অন্যতম স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা। পাশাপাশি তিনি ভেনিস উৎসবের নির্বাচক কমিটি, সহ-প্রযোজক বিভাংশু রায় ও রোমিল মোদি এবং ছবির পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত বছর Songs Of Forgotten Trees ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জয়ের পর বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং একাধিক আন্তর্জাতিক সম্মান অর্জন করে। সেই ধারাবাহিকতায় Lovers In The Blue Night-এর ভেনিসে নির্বাচন অনুপর্ণা রায়কে ভারতীয় স্বাধীন চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময় নির্মাতা হিসেবে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেল।
সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









