‘স্পাইডারম্যান’ খ্যাত অভিনেতা জ্যাকব ব্যাটালোন বিয়ে করেছেন ইন্টেরিয়র ডিজাইনার ভেরোনিকা লিহোভকে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া কোর্টহাউস অনুষ্ঠানের পর গত ২৫ থেকে ২৭ আগস্ট ফ্রান্সে তিন দিনব্যাপী বিবাহোত্তর উৎসবের আয়োজন করেন তারা।
প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের উপস্থিতিতে উৎসবটি আরও বিশেষ হয়ে ওঠে।
গত ২৬ আগস্ট পিটার মডানের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বিয়ের শপথ নেন জ্যাকব ও ভেরোনিকা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ‘স্পাইডারম্যান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড ও জেনডায়া। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
ভেরোনিকা নিউইয়র্কভিত্তিক একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি বিলাসবহুল গৃহসজ্জা ব্র্যান্ড ‘ভেরহ’-এর প্রতিষ্ঠাতা। ২০২৫ সালের মার্চে জ্যাকব ও ভেরোনিকা তাদের বাগদানের খবর জানিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









