ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’—দুই বাংলার দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। টলিপাড়ার একটি সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই কালিম্পংয়ে বসতে পারে অভিনেত্রীর বিয়ের আসর।
কাকে বিয়ে করছেন মিমি? গুঞ্জন রয়েছে, পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। ভারতের নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো মিমির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন।
বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা ও নতুন একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন এই ছবি।
পেশাগত ব্যস্ততার আড়ালেই নাকি বিয়ের প্রস্তুতি চলছে মিমির—এমনটাই দাবি বিনোদন জগতের একটি বড় অংশের। ভক্তদের ধারণা, খুব শিগগিরই নিজ মুখে এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাবেন অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









