পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই বিক্ষোভে যোগ দিয়েছেন প্রবীণ অভিনেতা শাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহ এবং গায়ক ও সুরকার বিশাল দাদলানি।
শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনসহ (এআইএসএফ) বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও এতে অংশ নিয়েছেন।
তিন তারকার উপস্থিতি বিক্ষোভের দিকে সবার নজর টেনেছে। শাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহকে বিক্ষোভকারীদের মাঝে দেখা গেছে। বিশাল শুক্রবারের কর্মসূচির আগেই এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নাসিরুদ্দিনের আলিঙ্গনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে প্রবীণ এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘‘আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই।’’
অভিভূত অভিজিৎ বলেন, ‘‘স্যার, আমি আপনার বিশাল ভক্ত। আপনি এখানে আসবেন, ভাবতেই পারিনি। এ আমার জন্য অনেক বড় সম্মান। এ যেন স্বপ্নের মুহূর্ত।’’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আমি কি স্বপ্ন দেখছি?’’
পরে বিক্ষোভে যোগ দেন বিশাল দাদলানি, তাকেও অভিজিৎকে জড়িয়ে ধরতে দেখা যায়। সিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে ছবি ও ভিডিও শেয়ার করে লেখা হয়, ‘‘বিশাল দাদলানি এসেছেন! ভিড় উত্তাল।’’
কয়েক মাস আগে দিল্লিতে নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভেও উপস্থিত ছিলেন শাবানা আজমি। তিনি বলেন, ‘‘বিক্ষোভ করা আমাদের অধিকার এবং ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে মানুষের প্রতিবাদ করা উচিত।’’
সিজেপির দাবি কী
বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দিপকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘‘নিট প্রশ্নফাঁস নিয়ে জন্তর মন্তরে আগের আন্দোলনের দুই মাসের মধ্যেই তাদের আরেকটি বিক্ষোভ করতে বাধ্য হতে হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, সাহস থাকলে বিক্ষোভকারীদের জেলে পাঠান।’’
সাম্প্রতিক কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন। প্রতিবেদনগুলোতে অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত সিদ্ধান্তে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী আপত্তি জানিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি নথিভুক্ত হয়েছে এবং কিছু সিদ্ধান্ত ও আদেশ তাদের অজান্তেই জারি করা হয়েছে বলে অভিযোগ। পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানায়, এসআইআরসহ সব সিদ্ধান্ত তিন সদস্যের কমিশন সর্বসম্মতিক্রমে নিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









