ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রায় ১০০ কিলোমিটার এলাকা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার (১২ জুন) কলকাতার নিউটাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ ধরনের বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এবং প্রয়োজন হলে তারাই এ বিষয়ে বক্তব্য দেবে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, ভারতের আরও পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত। ফলে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের।
সীমান্তে জমি হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিনই বিএসএফকে জমি দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ অঞ্চলে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এসব কাজ শেষ করা হবে, কারণ এটি দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









