ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
অভিজিৎ বলেন, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ সেবন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যেই প্রতিবাদস্থলে ফিরে আসব।”
তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে সাময়িকভাবে বিশ্রামে থাকলেও সন্ধ্যার মধ্যে আবার আন্দোলনে যোগ দেবেন।
এদিকে অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
উল্লেখ্য, বুধবার রাতে দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়েছিল।
অন্যদিকে, অভিজিৎ দীপকে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে বিক্ষোভকারীদের প্রতি আচরণের নিন্দা জানান। তিনি দাবি করেন, আন্দোলন সারা ভারতে আরও বিস্তৃত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









