দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকটি গ্রামের বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিটের রেথিমনো এলাকায় আগুন নেভানোর সময় দুই দমকলকর্মী আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। একই সঙ্গে গ্রিসের পারোস ও লেসবস দ্বীপ এবং মূল ভূখণ্ডের ট্রিফিলিয়া এলাকাতেও নতুন করে দাবানল দেখা দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে তুরস্কের মুগলা প্রদেশেও বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির কারণে ফেথিয়ে-আন্তালিয়া মহাসড়ক বন্ধ রাখা হয়েছে এবং একটি হাসপাতালের কিছু অংশ খালি করা হয়েছে।
স্পেন ও ফ্রান্সে চলমান গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহ দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ১২ ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাপমাত্রা বৃদ্ধি, কমে যাওয়া আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে।
স্পেনের আভিলা প্রদেশের বুরগোহোন্দো এলাকায় ইতোমধ্যে ৪৩ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে, যা দেশটির ইতিহাসের অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছর দেশটিতে মোট ২ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে গেছে।
আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় তোলেদো, মাদ্রিদ, আভিলা ও কাস্তেয়োন অঞ্চলের হাজার হাজার মানুষকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। শুধু মাদ্রিদ অঞ্চলেই প্রায় ২৪ হাজার মানুষ বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গিরন্দ অঞ্চলেও আগুন নিয়ন্ত্রণে থাকলেও মাঝেমধ্যে আবার জ্বলে উঠছে। ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ফ্রান্সের ১৬টি অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের ভিলা রিয়াল জেলাতেও দাবানল অব্যাহত রয়েছে। সেখানে একটি সক্রিয় আগুনের রেখা প্রায় এক কিলোমিটারজুড়ে বিস্তৃত। কাছাকাছি থাকা পানি শোধনাগার ও গ্যাস সংরক্ষণাগারের নিরাপত্তায় বিশেষ নজর রাখছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে তাপপ্রবাহ, পানির সংকট এবং দাবানলের ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: বিবিসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









