ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধীদল বিজেপি।
এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে এখানে মমতা ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন। আর শুভেন্দু পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট।
এছাড়াও ভারতের তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় আজ সোমবার বেলা ১১টা ৪৩ মিনিটে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে ১৫৫ আসনে। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫৭ আসনে।
কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে ৭৬ আসনে। আর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে ৪২ আসনে। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৫টি আসনে।
আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৮৩ আসনে। আর আইএনসি এগিয়ে ২৯ আসনে।
পদুচেরিতে এনডিএ এগিয়ে ১৫ আসনে। আর ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ৩ আসনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









