ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে বিচারাধীন আসামি শরিফুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে শরিফুলকে হাজতখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে। হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যান তিনি। এরপর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে শরিফুল ইসলামকে আদালতে আনা হয়েছিল। তবে সাক্ষী উপস্থিত না থাকায় ওই দিন সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে তাকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার সময় ডিএমপির প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিমের হেফাজতে ছিলেন শরিফুল। একপর্যায়ে কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় কনস্টেবল আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একজন বিচারাধীন আসামি কীভাবে হাতকড়া খুলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন এবং দায়িত্ব পালনে কারও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শরিফুল ইসলাম এর আগেও আদালত থেকে পালিয়েছিলেন। ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় তৎকালীন হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরবর্তীতে গ্রেপ্তার করা শরিফুলকে ওই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল। এবারও পুলিশের হেফাজত থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তা ও আসামি পরিবহনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পলাতক শরিফুলকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









