নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন ও আগের পাঁচ মামলায় জামিন স্থগিতাদেশ তুলে নিয়েছেন আদালত। ফলে তার মুক্তির পথ অনেকটাই খুলেছে।
রবিবার (১০ মে) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
সেই সাথে হত্যা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের অপর পাঁচ মামলায় আইভীকে দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে এ-সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। দ্বিতীয় দফার এই পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আইনজীবীরা জানান, ফলে পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল। অপর পাঁচ মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় তার জামিন বহাল হলো। এতে ১০ মামলায় তার জামিন থাকছে।
আইভীকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি দুই মামলায় ইতিমধ্যে আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করেছে, যা চেম্বার আদালতের কার্যতালিকায় আসেনি।
সবশেষ ওই দুই মামলায় আইভীর জামিন রয়েছে। সে হিসেবে ১২ মামলায় এখন আইভী জামিনে আছেন। এতে করে তার কারামুক্তিতে আপাতত আইনি কোনো বাধা নেই বলে মনে করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।
জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার বলেন, ‘‘পাঁচ মামলায় জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল ছিল, যা খারিজ করে দিয়েছেন আদালত। অপর পাঁচ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া অন্তবর্তীকালীন জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক লিভ টু আপিল ছিল। এ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন আদালত। পাশাপাশি এই পাঁচ মামলায় জামিনে ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে দিয়েছেন। ফলে ১০ মামলায় আইভীর জামিন চলমান থাকল।’’
এদিকে, ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অপর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
দুই মামলায়ও অধস্তন আদালত জামিন না দেওয়ায় হাইকোর্টে জামিন আবেদন করেন আইভী। গত ৩০ এপ্রিল হাইকোর্ট এই দুই মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিনও স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।
আইভীর অন্যতম আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ‘‘আপিল বিভাগের আদেশের ফলে ১০ মামলায় আইভীর জামিন থাকছে। সবশেষ দুই মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। এই আবেদনগুলো চেম্বার আদালতের কার্যতালিকায় এখনো আসেনি। অর্থাৎ তাকে দেওয়া হাইকোর্টের জামিন এখনো বহাল আছে। ফলে তার কারামুক্তিতে আপাতত আইনগত কোনো বাধা নেই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









