চুল পড়া নারী-পুরুষ উভয়েরই সাধারণ সমস্যা। এ সমস্যা কমাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পেঁয়াজের রস, মেথি, কালোজিরা, জবা ফুল, কারিপাতা ও অ্যালোভেরার মতো উপাদান দিয়ে তৈরি তেল ও হেয়ার প্যাকের প্রচারণা দেখা যায়। অনেক বিক্রেতা এসব পণ্যের শতভাগ কার্যকারিতার দাবিও করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব দাবির পক্ষে এখনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
চিকিৎসকদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তবে এর চেয়ে বেশি চুল পড়তে থাকলে বা দীর্ঘদিন ধরে সমস্যা চললে এর কারণ খুঁজে দেখা প্রয়োজন।
চুল পড়ার কারণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। বংশগত প্রবণতা, হরমোনের পরিবর্তন, অপুষ্টি, মানসিক চাপ, আয়রনের ঘাটতি, থাইরয়েডের সমস্যা, ছত্রাকের সংক্রমণ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা বিভিন্ন রোগের কারণেও চুল ঝরতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের ভাষ্য, পেঁয়াজ, মেথি, কালোজিরা, আমলকি বা জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান থাকলেও এগুলো সরাসরি চুল পড়া বন্ধ করে বা নতুন চুল গজায়—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি। এসব উপাদান মাথার ত্বকের যত্নে কিছুটা সহায়ক হতে পারে, তবে চিকিৎসার বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করা উচিত নয়।
বিশেষজ্ঞরা জানান, মানুষের মাথায় নির্দিষ্ট সংখ্যক চুলের গোড়া জন্মগতভাবেই থাকে। কোনো কারণে এসব চুলের গোড়া স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলে নতুন করে তা তৈরি হয় না। তাই অতিরিক্ত চুল পড়া শুরু হলে দীর্ঘদিন ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে সমস্যার কারণ শনাক্ত করা জরুরি।
মাথার ত্বকে হালকা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন কিছুটা বাড়তে পারে। এতে চুলের গোড়ায় অক্সিজেন ও পুষ্টি সরবরাহে সাময়িক উপকার হতে পারে। তবে এটিকে নতুন চুল গজানোর নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না।
আন্তর্জাতিক কিছু গবেষণায় রোজমেরি তেল ব্যবহারে সীমিত ইতিবাচক ফলাফলের ইঙ্গিত পাওয়া গেলেও পেঁয়াজ, মেথি বা কালোজিরার ক্ষেত্রে একই ধরনের শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
চুলের সুস্থতার জন্য ভিটামিন, খনিজ, প্রোটিনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাবারের মাধ্যমে গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ। তাই পুষ্টিকর ও সুষম খাবার খাদ্যতালিকায় রাখা চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
এদিকে অনলাইনে বিক্রি হওয়া হারবাল তেল বা হেয়ার প্যাকের উপাদান, সংরক্ষণ পদ্ধতি ও মান সবসময় নিশ্চিত করা সম্ভব নয়। এসব পণ্য ব্যবহারে কারও কারও অ্যালার্জি, মাথার ত্বকে প্রদাহ, খুশকি বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে তৈলাক্ত মাথার ত্বকে অতিরিক্ত তেল ব্যবহারে সমস্যা আরও বাড়তে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়া, অল্প বয়সে টাক পড়া বা হঠাৎ করে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা কিংবা ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









