লম্বা ও স্বাস্থ্যকর চুল যদি আপনার সৌন্দর্যচর্চার তালিকায় থাকে, তাহলে চুল কাটার সময়সূচি নতুন করে ভেবে দেখার সময় এসেছে। নিয়মিত চুলের আগা ছাঁটাই করলে চুল দ্রুত বাড়ে—এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। তবে এই ধারণার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চুল কাটা আপনার চুলকে দ্রুত বাড়াতে পারে না। তবে নির্দিষ্ট সময় পর পর চুল ছাঁটাই করলে আগা ফাটা, চুল ভেঙে যাওয়া এবং অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করতে পারে। কিন্তু কতদিন পর পর চুল কাটানো উচিত? নিজের জন্য উপযুক্ত সময়সূচি তৈরিতে কিছু বিষয় বিবেচনায় রাখা যেতে পারে।
কত মাস পর পর চুল কাটবেন?
চুল কাটার জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য এমন কোনো বৈজ্ঞানিকভাবে নির্দিষ্ট সময়সীমা নেই। এটি চুলের ধরন, দৈর্ঘ্য, স্টাইল করার অভ্যাস, রাসায়নিক ব্যবহারে ক্ষতির মাত্রা এবং চুল কত দ্রুত ফেটে যায়—এসব বিষয়ের ওপর নির্ভর করে।

সাধারণভাবে, চুল লম্বা করার সময় আগা সুস্থ রাখতে ৮ থেকে ১২ সপ্তাহ পর পর চুল ছাঁটাই করা ভালো একটি সময়সীমা।যাদের চুল সাধারণত স্বাস্থ্যকর এবং যারা চুলের দৈর্ঘ্য ধরে রাখতে চান, তাদের জন্য ১০ থেকে ১২ সপ্তাহ পর পর চুল ছাঁটাই করা ভালো।
অন্যদিকে, যারা নিয়মিত স্টাইলিংয়ের যন্ত্র, ব্লিচ, রং বা রাসায়নিক ব্যবহার করেন এবং যাদের চুলের আগা ফেটে যায়, তাদের ক্ষেত্রে ৬ থেকে ৮ সপ্তাহ পর পর চুল ছাঁটাই করা যেতে পারে। তবে চুলের আগা অস্বাস্থ্যকর, ফাটা ও ভঙ্গুর হয়ে গেলে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে তা কেটে ফেলা ভালো। এতে চুল দ্রুত বাড়বে না, বরং চুলের দৈর্ঘ্য ধরে রাখতে সাহায্য করবে।
চুল কাটলে কি সত্যিই দ্রুত বাড়ে?
চুল কাটলে দ্রুত বাড়ে—এটি সৌন্দর্যচর্চার অন্যতম পুরোনো প্রচলিত ধারণা। চুলের বৃদ্ধি হয় মাথার ত্বকের নিচে থাকা ফলিকল থেকে। তাই চুল কাটার কারণে চুলের বৃদ্ধির হার পরিবর্তিত হয় না। কারণ চুলের গোড়ার ফলিকল একই জায়গা থেকেই নতুন চুল তৈরি করে।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির একটি গবেষণা অনুযায়ী, চুলের আগা ছাঁটাই করলে চুল দ্রুত বাড়ে না। কারণ চুলের বৃদ্ধি ঘটে ত্বকের নিচে। অর্থাৎ, কেউ যদি চুলের ২ সেন্টিমিটার কেটে ফেলেন, তাহলে তার চুলের ফলিকল স্বাভাবিকের চেয়ে দ্রুত বাড়তে শুরু করবে না। চুল স্বাভাবিক গতিতেই বাড়বে।
নিয়মিত চুল ছাঁটাই করলে চুলকে স্বাস্থ্যকর দেখায় কেন?
চুলের আগা হলো চুলের সবচেয়ে পুরোনো অংশ। এই অংশটি সবচেয়ে বেশি আঁচড়ানো, তাপ দিয়ে স্টাইল করা, রং করা, সূর্যের আলো এবং দৈনন্দিন ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হয়। চুলের আগা যখন ফেটে যেতে ও ছিঁড়ে যেতে শুরু করে, তখন ধীরে ধীরে চুলের ওপরের দিকেও সেই ক্ষতি ছড়িয়ে পড়তে পারে। এ কারণেই নিয়মিত চুলের আগা ছাঁটাই করা হয়। এতে ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও ওপরের দিকে ছড়িয়ে পড়ার আগেই সরিয়ে ফেলা যায়।

চুল লম্বা করতে চাইলে সাধারণ নিয়ম হিসেবে ১০ থেকে ১২ সপ্তাহ পর পর চুলের আগা ছাঁটাই করা যেতে পারে। তবে চুলের আগার অবস্থার ওপর ভিত্তি করে এই সময় কম-বেশি হতে পারে।
এটিকে প্রতি তিন মাস পর পর চুল কাটতেই হবে—এভাবে ভাবার প্রয়োজন নেই। চুলের আগা যদি স্বাস্থ্যকর থাকে, তাহলে ১২ সপ্তাহের চেয়েও বেশি সময় চুল না কেটে থাকা সম্ভব। তবে চুলের আগা যদি ফাটা, ছেঁড়া বা ভঙ্গুর দেখাতে শুরু করে, তাহলে আরও ক্ষতি ঠেকাতে সেই অংশ কেটে ফেলার সময় হয়েছে। চুল কাটা চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে না, তবে চুলের দৈর্ঘ্য কমে যাওয়া ঠেকাতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









