সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।

জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এ বিষয়ক ফাইল অনুমোদন করেছি।’ 

সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘তার স্ত্রী ও সন্তান ব্যবহার করবেন।’

অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ আজ হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দিয়ে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শুরুতে তার সার্জারি হয়। 

পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন।

এদিকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। 

ওসমান হাদি মারা যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তার মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.