নতুন পে-স্কেল বাস্তবায়ন রাজনৈতিক নির্দেশনার আলোকে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তার ভাষায়, বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে এবং সেই অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা জানান, নতুন পে-স্কেল একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বেসিক বেতন বাড়ানোর বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। তবে কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, গেজেট প্রকাশের সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে সরকার বিষয়টি পর্যালোচনা করছে এবং রাজনৈতিক দিকনির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝি বা শেষ দিকে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হতে পারে।
এর আগে জাতীয় বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, নতুন অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় আছেন এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









