পাহাড়ি ঢল, টানা অতিবৃষ্টি ও পাহাড় ধসের কারণে দেশের ৭টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। একই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলা। সেখানে মারা গেছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।
বন্যাদুর্গত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ৩৮ হাজার ৪২২ জন নিরাপদ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









