জনস্বার্থে বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিআইজি হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিআইজি বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদা মো. ওয়ালিদ হোসেন, ডিআইজি সিআইডি সানা শামীনুর রহমানসহ বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা।
এর আগে গত ৫ জুলাই ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া গত ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে একই আইনের আওতায় অবসর দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









