কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু জুলাই ছিল ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছে, তাদের শিক্ষা হওয়া উচিত।
জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বয়ান দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে এর সুযোগ নেবে মৌলবাদীরা। তাই বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের গাফিলতির অভিযোগ তুলে আহমেদ আযম খান বলেন, এখনো হাজার হাজার জুলাই যোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়নি।
এ সময় তিনি জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের বিষয়টি দেখভালের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর চালু করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









