ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা বাড়ানো ও নগরীর সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্থাপিত স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থাপিত পোল ও আলোকব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি কর্পোরেশন পালন করবে।
তিনি বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
শফিকুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
ডেকোরেটিভ পোল উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









