জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে তরুণদের জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জাপানে দক্ষ শ্রমিক পাঠানো সহজ করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. আব্দুল মঈন খান বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি গভীর বন্ধুত্বের সম্পর্ক। দুই দেশের মধ্যকার এই বন্ধন আরও সুদৃঢ় ও কার্যকর করতে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে তরুণদের জাপানি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে।
বাংলাদেশ ও জাপানের শাসনব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোর তুলনামূলক পার্থক্য তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এক নয়। গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ক্ষেত্রেও রয়েছে কাঠামোগত ভিন্নতা।
জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ বাড়াতে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণব্যবস্থা আরও সহজলভ্য ও আন্তর্জাতিক মানের করার প্রয়োজনীয়তার কথাও বলেন মঈন খান।
সেমিনারে অন্যান্য বক্তারাও জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের সুযোগ বৃদ্ধি, তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








