সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির লাইভে এসে দাবি করেন, দলীয় পরিচয়ে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরই হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে পরদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁদা দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সালমান মুক্তাদির জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা চাননি। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাব খাটানোর বিষয় নয়, দুর্বৃত্তরা দুর্বৃত্তই। তিনি মাটিকাটা এলাকায় জমি দখলের একটি ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, রাতের অন্ধকারে ওই ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে এবং কিছু আলামত সংগ্রহ করে। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছিল। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি।
সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে সমালোচনা করে একজন বলেছেন, মামলা হয়েছে কি না তিনি জানেন না। তবে মামলা করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। কোনো এজাহার পাওয়ার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশকে প্রাথমিকভাবে তদন্ত করতে হয় বলে জানান তিনি।
তিনি বলেন, এজাহারে যা লেখা থাকে তা যাচাই না করে সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করলে যে কাউকে আসামি করা সম্ভব। তাই প্রাথমিক তদন্তের পরই মামলা এন্ট্রি করা হয়। তার ভাষ্য অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজের একজন এস্টেট কোম্পানির পরিচালক মামলা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ কিংবা উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বলা হয়ে থাকলে তার বিচার জনগণ করবে। তার দাবি, ওই ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদির নিজেও বলেছেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা চাননি।
তিনি আরও বলেন, বিএনপিকে চাঁদাবাজ বলার এমন বক্তব্যের তারা নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার তদন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের লোকজন কিংবা আশপাশের জমির মালিক—যে পক্ষই জড়িত থাকুক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে বুধবার কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিএফআইইউর চিঠিতে তার ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত নথি এবং হিসাব খোলার সময় থেকে বর্তমান পর্যন্ত লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাঠাতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









