সরকারের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। দেশের মানুষের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহি নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার রয়েছে। সরকারের কাজে গঠনমূলক সমালোচনা এলে তা গ্রহণ করা হবে। সরকারি কোনো কাজে ভুল থাকলে সেটি তুলে ধরলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
তবে মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ড. আবদুল মঈন খান বলেন, দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদের মধ্যেও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পরিচালনা করতে হবে।
তিনি বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠপর্যায়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা জরুরি। বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পাশাপাশি ছোট পৌরসভা ও উপজেলায় কম খরচে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর ওপরও গুরুত্ব দেন মীর শাহে আলম।
আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









