জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করে। এ বিষয়ে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম, আমাদের সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাকে আমি স্বাগতম জানাই।’’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যে সংসদ সদস্যদের হাসির রোল পড়ে গেলে তিনি বলেন, ‘‘আমি কাউকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না মাননীয় স্পিকার।’’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই পাড়ে আছেন।’’
এর আগে সংসদে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আল-বদর ছিলাম না। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









